দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, ‘তারেক রহমান ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করছেন না, তিনি ইতিবাচক রাজনীতি করছেন। মানবিকভাবে তিনি সারা বাংলাদেশের রাজনীতি করছেন এবং সরকার পরিচালনা করছেন।’
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে বরিশাল নগরীতে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মনিরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, তারা দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন। বরিশালে জিএম মনিরের পরিবারের পাশে দাঁড়াতেও তারেক রহমানের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা যে কাজ করি, সেটা পার্টির হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী করি। এখানেও এসেছি তারেক রহমানের নির্দেশনায়। উনি মানবিকভাবেই সারা বাংলাদেশের রাজনীতি করছেন ও সরকার পরিচালনা করছেন।’
তারেক রহমানের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে কুষ্টিয়ার দৌলতপুরের এক শিক্ষকের প্রসঙ্গ টানেন যুবদল সভাপতি। তার দাবি, ওই শিক্ষক তারেক রহমানকে নিয়ে ‘বাজে মন্তব্য’ করায় স্থানীয় প্রশাসন তাকে আইনের আওতায় এনেছিল। পরে প্রধানমন্ত্রী ওই শিক্ষককে ছেড়ে দেওয়ার কথা বলেন বলে দাবি করেন তিনি।
মুন্না বলেন, ‘উনি ফ্যাসিস্ট হাসিনার মতো রাজনীতি করছেন না, পজিটিভ রাজনীতি করছেন। এই যে পজিটিভ চিন্তাভাবনায় দেশ পরিচালনা, সবকিছুতেই ওনার নির্দেশনা আমাদের দেওয়া আছে সব সময়।’
জিএম মনিরের মৃত্যুর প্রসঙ্গে যুবদল সভাপতি বলেন, দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় মনির মারা যাওয়ার ঘটনা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এ ঘটনা যুবদলের নেতা-কর্মীদের মনে গভীরভাবে গেঁথে গেছে। দলের চেয়ারম্যান তারেক রহমানও বিষয়টি দেখেছেন বলে জানান তিনি।
যুবদলের নেতা-কর্মীদের ওপর অতীতে নির্যাতনের প্রসঙ্গ তুলে মুন্না বলেন, আওয়ামী লীগের শাসনামলে তাদের দলের লাখ লাখ নেতা-কর্মী মামলা-হামলার শিকার হয়েছেন। অনেকে আহত ও পঙ্গু হয়েছেন, কেউ কেউ গুম হয়েছেন বলেও দাবি করেন তিনি।
এসব নেতা-কর্মীর পরিবারের পাশে দলীয়ভাবে দাঁড়ানোর কথা জানিয়ে মুন্না বলেন, ঈদসহ বিভিন্ন উৎসবে তালিকাভুক্ত নেতা-কর্মীদের পরিবারের কাছে উপহার ও সহযোগিতা পৌঁছে দেওয়া হয়। যুবদলের কোনো নেতা-কর্মীর সহযোগিতার প্রয়োজন হলে দল তাঁদের পাশে থাকার চেষ্টা করে।
এর আগে জিএম মনিরের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন আব্দুল মোনায়েম মুন্না। পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
/অ